Date: 30 APR 2025
শ্রী ভূষণ রামকৃষ্ণ গাভাই ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত
ভারতের সংবিধান অনুসারে রাষ্ট্রপতি শ্রী ভূষণ রামকৃষ্ণ গাভাই, যিনি বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতি, তাঁকে ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি আগামী ১৪ই মে, ২০২৫ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।
রাষ্ট্রপতির তরফে ইতিমধ্যেই তাঁর নিয়োগপত্রে (ওয়ারেন্টে) স্বাক্ষর করা হয়েছে এবং আইন ও বিচার মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তিও জারি হয়েছে।
শ্রী গাভাই ২৪শে নভেম্বর, ১৯৬০ সালে মহারাষ্ট্রের অমরাবতীতে জন্মগ্রহণ করেন। তিনি ১৬ই মার্চ, ১৯৮৫ সালে আইন পেশায় যোগ দেন। কর্মজীবনের শুরুতে তিনি প্রখ্যাত আইনজীবী ও প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল ব্যারিস্টার রাজা এস. ভোঁসলের সঙ্গে কাজ করেন।
১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি বম্বে হাই কোর্টে স্বাধীনভাবে প্র্যাকটিস করেন। এরপর তিনি মূলত নাগপুর বেঞ্চে কাজ চালিয়ে যান। সংবিধানিক আইন ও প্রশাসনিক আইনে তাঁর বিশেষ দক্ষতা রয়েছে। তিনি নাগপুর ও অমরাবতী পুরসভা, অমরাবতী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্বশাসিত সংস্থা ও কর্পোরেশনের হয়ে নিয়মিত আদালতে সওয়াল করেছেন।
১৯৯২ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত তিনি বম্বে হাই কোর্টের নাগপুর বেঞ্চে সহকারী সরকারি আইনজীবী ও অতিরিক্ত সরকারি কৌঁসুলির দায়িত্বে ছিলেন। পরে ১৭ই জানুয়ারি, ২০০০ সালে তাঁকে সরকারি কৌঁসুলি ও সরকারি আইনজীবী হিসেবে নিযুক্ত করা হয়।
২০০৩ সালের ১৪ই নভেম্বর তিনি বম্বে হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে এবং ২০০৫ সালের ১২ই নভেম্বর স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান। মুম্বই সহ নাগপুর, ঔরঙ্গাবাদ ও পানাজি বেঞ্চে নানা গুরুত্বপূর্ণ মামলার বিচার করেছেন।
২০১৯ সালের ২৪শে মে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে উন্নীত হন। গত ছ’বছরে তিনি প্রায় ৭০০টি বেঞ্চে বসে বিভিন্ন বিষয়ে মামলার শুনানি করেছেন এবং প্রায় ৩০০টি রায় লিখেছেন, যার মধ্যে বহু সংবিধানিক বেঞ্চের রায়ও রয়েছে।
তিনি উলানবাটোর (মঙ্গোলিয়া), নিউ ইয়র্ক (আমেরিকা), কার্ডিফ (ইউকে) ও নাইরোবি (কেনিয়া)-তে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন এবং কলম্বিয়া ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সংবিধানিক ও পরিবেশ বিষয়ক বক্তৃতা দিয়েছেন।
তিনি আগামী ২৩শে নভেম্বর, ২০২৫ সালে অবসর নেবেন।