প্রকাশিত: ১৯ এপ্রিল, ২০২৫
নয়াদিল্লি:
কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষ (Central Consumer Protection Authority – CCPA) কোচিং সেন্টারগুলিকে ভোক্তা সুরক্ষা আইন, ২০১৯ এবং কোচিং সেক্টরে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রতিরোধের জন্য গাইডলাইনস, ২০২৪ কঠোরভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে।
সিসিপিএ স্পষ্টভাবে জানিয়েছে, বিজ্ঞাপনে যেকোনো তথ্য উপস্থাপন অবশ্যই সত্যনিষ্ঠ, পরিষ্কার এবং বিভ্রান্তিমূলক নয়—এটি নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে, নিশ্চিত সাফল্যের প্রতিশ্রুতি প্রদান থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে। বিজ্ঞাপনে ছাত্রের নাম, র্যাঙ্ক, কোর্সের ধরন, এবং কোর্সটি পেইড ছিল কি না—এই গুরুত্বপূর্ণ তথ্য স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। বিজ্ঞাপনে ব্যবহৃত ডিক্লেইমারগুলোও যেন স্পষ্ট ও সমান ফন্টে থাকে, সে নির্দেশও দেওয়া হয়েছে।
সম্প্রতি IIT-JEE এবং NEET পরীক্ষার ফলাফল ঘোষণার পর, সিসিপিএ লক্ষ্য করেছে যে অনেক কোচিং সেন্টার এই গাইডলাইন মানছে না।
এর পরিপ্রেক্ষিতে সিসিপিএ কয়েকটি কোচিং ইনস্টিটিউটকে নোটিস পাঠিয়েছে যাদের বিরুদ্ধে নিচের অনিয়মের অভিযোগ রয়েছে:
- নিশ্চিত ভর্তি বা সাফল্যের প্রতিশ্রুতি
- র্যাঙ্ক পাওয়ার আশ্বাস
- ভোক্তা অধিকার লঙ্ঘন
- বিভ্রান্তিকর বিজ্ঞাপন
- প্রতিশ্রুত পরিষেবা প্রদান না করা, ভর্তি বাতিল হলেও ফি ফেরত না দেওয়া, পরিষেবার ঘাটতি, ফি আংশিক বা না ফেরানোর মতো অন্যায্য ব্যবসায়িক অনুশীলন
এইসব অভিযোগ ভোক্তা সুরক্ষা আইন, ২০১৯-এর ধারা ২(২৮) ও ২(৪৭) এবং ২০২৪ সালের গাইডলাইনের একাধিক ধারা লঙ্ঘনের শামিল বলে মনে করছে কর্তৃপক্ষ।
উল্লেখযোগ্যভাবে, ১৩ নভেম্বর, ২০২৪ তারিখে প্রকাশিত গাইডলাইন অনুসারে, কোচিং সেন্টারগুলি আর মিথ্যা বা বিভ্রান্তিকর দাবিতে বিজ্ঞাপন দিতে পারবে না এবং যে কোনও ধরণের প্রতারণামূলক ও অন্যায্য কার্যকলাপ কঠোরভাবে নিষিদ্ধ।
এই গাইডলাইন ছাত্রছাত্রী ও তাদের পরিবারকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করার জন্য স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় রাখতে তৈরি হয়েছে। এটি কোচিং সেক্টরে বিদ্যমান নিয়ন্ত্রক কাঠামোকে আরও শক্তিশালী করে তুলবে।
গত তিন বছরে, সিসিপিএ মোট ৪৯টি নোটিস জারি করেছে এবং ২৪টি কোচিং সেন্টারের উপর ₹৭৭.৬০ লক্ষ টাকার জরিমানা আরোপ করেছে। পাশাপাশি বিভ্রান্তিকর বিজ্ঞাপন এবং অন্যায্য ব্যবসায়িক অনুশীলন অবিলম্বে বন্ধ করতে নির্দেশও দিয়েছে।
এর আগেও সিসিপিএ UPSC CSE, IIT-JEE, NEET, RBI, NABARD-এর মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পরিষেবা প্রদানকারী কোচিং সেন্টারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং ভোক্তা সুরক্ষা আইন, ২০১৯ অনুসারে মিথ্যা বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন রোধে তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে।